শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

মিষ্টি কুমড়া সবজি হিসেবেই আমাদের কাছে পরিচিত। কিন্তু যার নামের সাথেই মিষ্টি আছে তা দিয়ে মিষ্টান্ন তৈরি করা যাবে না, তা কি হয়? মিষ্টি কুমড়া থেকে স্বাদে-ঘ্রাণে-গুনে অপূর্ব প্যাড়া তৈরি হয়। আর হ্যাঁ, এই মিষ্টান্নে মিষ্টি কুমড়ার সকল গুণাগুণ তো থাকেই, সাথে যুক্ত হয় দুধের গুণাগুণও।
মিষ্টি কুমড়ার প্যাড়া/ সন্দেশ
তৈরি করতে যা যা লাগবে:
মিষ্টি কুমড়া বাটা- ২ কাপ
দুধ- ৪ কাপ
গুঁড়ো দুধ/ খোয়াক্ষীর- আধা কাপ
এলাচ গুঁড়া- ১ চা চামচ
কাঠ বাদাম বাটা- ১০/ ১২ টি
চিনি- ১ কাপ
ঘি- আধা কাপ
কিসমিস- ১৫/ ২০ টি
যেভাবে তৈরী করতে হবে:
১. মিষ্টিকুমড়া সেদ্ধ করে মিহি করে বেটে নিন।
২. কাঠবাদাম খোসা ছাড়িয়ে বেটে নিন।
৩. একটি পাত্রে ঘি দিন। ঘি গরম হলে একে একে দুধ, খোয়াক্ষীর, এলাচ গুড়া, কাঠ বাদাম বাটা, মিষ্টি কুমড়া বাটা ও চিনি দিয়ে হালকা আঁচে ঘনঘন নাড়ুন, যাতে নিচে লেগে না যায়। সমস্ত উপকরণ যখন কড়াই থেকে আলগা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে হাতের তেলোয় গোল করে একটু চেপে নিন। তারপর ওপরে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ছোট্ট একটা গর্ত বানিয়ে তাতে কিসকিম দিয়ে চেপে দিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন