বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

আজকে আরেকটি রেসিপি “ছোলার ডালের ধোঁকা”
রান্না করতে যা যা লাগবে:
ছোলার ডাল- ১ পোয়া
আলু- ২টি
সয়াবিন তেল- পরিমাণ মতো
আদা বাটা- ২ চা চামচ
জিরা বাটা- ২ চা চামচ
পেঁয়াজ বাটা- ২ চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
শুকনা মরিচগুড়া- আধা চা চামচ
হলুদগুড়া- পরিমাণ মতো
কাঁচা মরিচ- ৩/৪ টা ফালি করে কাটা
লবণ- পরিমাণ মতো
গরম মসলা বাটা- ১ চা চামচ
ঘি- ২ চা চামচ
যেভাবে রান্না করতে হবে:
প্রথমে ছোলার ডাল ৬/৭ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার ডাল ভালো করে ধুয়ে শীল-পাটায় বেটে ফেলতে হবে মিহি করে। এবার বাটা ডালে সামান্য আদা বাটা, জিরা বাটা ও একটু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। চুলায় কড়াইতে পানি দিতে হবে। পানি টগবগ করে ফুটে উঠলে, ডাল বাটা মুঠো মুঠো করে ফুটন্ত পানিতে ছাড়তে হবে। কিছুক্ষণ পরে ডাল শক্ত আকার ধারণ করবে। এবার মুঠো ডালের ধোকা তুলে নিতে হবে। একটা পাত্রে রেখে চাকু দিয়ে ডালের ধোকা লম্বা/গোল পছন্দ মতো আকার করে কাটতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে ধোকা গুলো ভাজতে হবে। ধোকা ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। আলাদা পাত্রে গরম তেলে সামান্য আস্ত জিরা ফোড়ন দিতে হবে। এবার ছোট কিউব করে কাটা আলু তেলে ছেড়ে দিতে হবে। আলু ভাজা হলে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচ গুড়া, লবণ, হলুদ গুড়া, কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষাতে হবে। তরকারী কষানো হলে ২ মগ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি ফুটে উঠলে ধোকাগুলো ছেড়ে দিতে হবে। এবার সামান্য গরম মসলা বাটা ও ২ চা চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন