বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

ভাতের মাড়ের খাট্টা
রান্না করতে যা যা লাগবে:
ভাতের মাড়- ৪ কাপ
হলুদ গুড়া- ১/৪ চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ
কাঁচা মরিচ ফালি- ৪টি
ছোট চিংড়ি মাছ- আধা কাপ
শুকনো বড়ই- ১ কাপ
কাঁচা তেঁতুল খোসাসহ ভাঙা- ৪ টি
ধনে পাতা কুচি- ১ চা চামচ
পেঁয়াজ কুচি - ১ টি
রসুন কুচি- ১ কোয়া
রাঁধুণী সজ বাটা- আধা চা চামচ
লবণ- প্রয়োজনমতো
সয়াবিন তেল- প্রয়োজনমতো
যেভাবে রান্না করতে হবে:
১. ভাতের মাড় পরিষ্কার পাত্রে ঝরিয়ে রাখতে হবে।
২. ছোট চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে।
৩. একটি পাত্রে সয়াবিন তেল ঢেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ গুড়া, হলুদ গুঁড়া ও প্রয়োজনমতো লবণ দিয়ে কষিয়ে চিংড়ি ছেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভাতের মাড় ঢেলে দিতে হবে, মাড় বেশি ঘন থাকলে একটু পানি দিয়ে নেয়া যেতে পারে। তারপর পাত্রের ঢাকনা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পাত্র থেকে ধোঁয়া উঠলে তার মধ্যে শুকনো বড়ই এবং কাঁচা তেঁতুল দিতে হবে। বড়ইগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল হবে। বড়ইগুলো সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ ফালি দিয়ে দিতে হবে এবং নামানোর আগে রাঁধুনী সজ বাটা ও ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নিয়ে নামাতে হবে।
নোট: এটা সব মাছ দিয়েই করা যায় কিন্তু অন্য মাছে যেহেতু কাঁটা আছে তাই চিংড়ি দিয়েই করা ভালো। যেহেতু এখন আমের সময় তাই তামান্না একটু কাঁচা আম ফালি করে দিয়েছেন। আর কাঁচা তেঁতুলের পরিবর্তে পাকা তেঁতুল খোসা ছাড়িয়ে দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন